পথে বিপথে / আন্দামান আন্দামান বেড়াতে গেছিলাম ২০১৩ সালে । দুর্গা পুজোর ঠিক পরে পরেই । এ কাহিনি স্বপ্নময় সেই সাতদিনের আকাশ থেকে ভাবছিলাম , জলে পড়ব না তো ? আকাশ থেকে মানে , আকাশের অনেকটা নীচে নামার পর । যেখান থেকে নীল জল আর সবুজ পাহাড়গুলো চো খে স্পষ্ট হোল , সেই উচ্চতায় নেমে এসে । ভাবছিলাম , হয় গোঁত্তা খেয়ে , সোজা ওই ঘন নীল জলে পপাত মৃত্যু । অথবা নির্ঘাত , কালচে সবুজ পাহাড়ে ধাক্কা খেয়ে , ভবলীলা সাঙ্গ । হবেই । কেউ রক্ষা করতে পারবে না । তার আগের দু’ঘন্টা তো মেঘ ছাড়া কিছুই দেখতে পাইনি । নীচে মেঘ , উপরে মেঘ , জানালার বাইরে স্থির হয়ে আছে মেঘ । যে দিকে দেখি খালি সাদা সাদা তুলো । নড়ছেও না চড়ছেও না। আর মাঝখানে আমরা যেন স্রেফ ভেসে আছি । এক্কেবারে স্থির । নিরালম্ব । গতিজাড্যর সামান্যতম প্রমাণ বিহীন । জীবনের প্রথম প্লেনে চাপার অনুভূতি আরও রোমাঞ্চকর হবে , আশা করেছিলাম । অন্তত , একটু শ্বাস কষ্ট , বমি ভাব , মাথা ঘোরা , ইত্যাদি প্রভৃতি কিছু তো হবে ! তারপর ওই যে , কি যেন বলে , এয়ার পকেট না এয়ার বাম্প , সে সব কিছুই কি হওয়ার নেই ...
Comments